শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ফাঁকি

পৃথিবীর বুকে কোলাহল ভীষণ
           আর্তনাদ চারিদিকে
                নির্জন…

যারা ভিড়ে হেঁটেছে প্রতিদিন
আনন্দ-সুখে
সবশেষে যখন একলা 
কেহ
ফেরে গৃহসম্মুখে
 নিঃসঙ্গতা জড়িয়ে ধরে
শ্বাসরোধ করে…

কত সহজে দিন বদলে যায়
মানুষও প্রায়
কেউ কেউ তবুও খোঁজে
      পুরাতন প্রেম
      হারানো বন্ধুদের…

চায়ের কাপ হাতে
হারিয়ে যাই অতীতে
    এত বিষাদ
             লেগে আছে
 ঠোঁটে আর অন্তর্দেশে…

দহনের ভয়ে আমি
দূরে যেতে যেতে
  ছিন্ন হয়ে গেছি 
            মূলগ্রন্থ থেকে।

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মড়াঘর

হঠাৎই যেন থমকে গেল কলরব…
যেমন থমকে যায় কোনো জলাশয়,
যদি থেমে যায় শ্বাস-প্রশ্বাস
ওই জলতলে খেলা করা কোনো প্রাণীর।

শোকাচ্ছন্ন,
ছোঁয়াচে শোক —
ছিদ্র বিদ্ধ হৃদয়,
ক্ষত আরো দগদগে হয়…

সান্ত্বনায় বোঝাই ওদের
যারা কখনও হয়তো বোঝেনি নিজেদের।
প্রত্যেকের পুণর্জন্ম হয়
ভিন্ন দেহে,
ভিন্ন দেশ কিংবা প্রদেশে।

আকাশের তারা মিটমিট করে —
যারা হারিয়েছে তারাকে,
আশ্বাস দিই
আকাশ পানে তাকিয়ে
ওই দূরে…

সময়স্রোত গড়ায়,
মানুষের ভুলোমন ভুলে যায়।
লাশকাটা ঘরে,
নেশার ঘোরে,
ডোম চিনতে পারেনি নিজ সন্তান।

প্রত্যেকটা মরা দেহ লাশ,
শ্বাসে থাকলে শুধাতাম —
“ছেলেটি কেমন আছে আমার?”

প্রাণহীন শরীর মুছে যায় পরিচয়,
তবে কি আবার ও ফিরবে না আর?

বাচ্চাদের ন্যায় প্রশ্ন আসে
মনে পিতাটির।

বয়স বাড়লে হয়তো মানুষ
শৈশব খোঁজে আরো…

উন্মোচন

বৈবাহিক সংলাপ

অর্ধশতকের অর্ধেক বসন্ত পার হয়ে গেছে, মুখে তার ছাপ ভাসমান। তবে আধার ভিন্ন কথা বলে— ওখানে আমি এখনও তরুণ। ছোটোবেলায় বলতো বাবা-মায়ে, “কয়েক ব...

শীর্ষপাঠ