বুধবার, ৯ জুলাই, ২০২৫

দৈবধন

রোজ ওই পথে যাতায়াত 
ঠিক মোড়ে 
একটা দৈবধন প্রাপ্তির দোকান
কখনো ফাঁকা দেখিনি…
অন্য দিকে একটা চায়ের স্টল
সঙ্গে তেলে ভাজার দোকান
খদ্দেররা বসে থাকে সকাল-সন্ধ্যা
কত কথা উঠে আসে
ওই উঠোনে
উনুনের আগুন যত তীক্ষ্ণ হয়
কড়াইয়ের তেল ফুটতে থাকে
সঙ্গে ফুটে ওঠে
একে একের নৈরাশা
জমজমাট…

কখনো মৃত্যু-দর্শন হয়েছে?
কখনো মনে হয়েছে মরে যেতাম
ওই একটু-র জন্য?
নাহ্!
তবে ওটাও তো মৃত্যুর সমান
যেথা কেউ হেরে যায় 
জিতের দোরগোড়ায়।
আমরা যা ছুঁতে পারি না 
তবে মনে হয় ওই তো সামনেই
একটুখানি প্রচেষ্টা থাকলেই ছোঁয়া যায়…

দূর থেকে বহুদূরে
অন্ধকারে
ওকে ছোঁবো বলে
ছুটেছি সীমান্ত পেরিয়ে
ভ্রান্তি কাটে অবশেষে
কপাল লিখন
নেই রে কপালে…


দৈবধন
কথিত ভাগ্যপ্রাপ্তি
কারো ভাগ্যে পালঙ্ক 
কারও আবার ছেঁড়া খাটি…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

বৈবাহিক সংলাপ

অর্ধশতকের অর্ধেক বসন্ত পার হয়ে গেছে, মুখে তার ছাপ ভাসমান। তবে আধার ভিন্ন কথা বলে— ওখানে আমি এখনও তরুণ। ছোটোবেলায় বলতো বাবা-মায়ে, “কয়েক ব...

শীর্ষপাঠ